কলারোয়া পৌরসভার মেয়র বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ-সংক্রান্ত চিঠি কলারোয়া পৌরসভায় পৌঁছায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতনের শিকার এক নরীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোর যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। ওই মামলায় গত ৪ মে ৫০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে কলারোয়া পৌর
মেয়র আকতারুল ইসলামের নাম রয়েছে। অভিযোগপত্র দাখিলের অনেক আগেই তিনি আত্মগোপন করেন।
কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম জানান, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই আকতারুল ইসলাম আত্মগোপন করেন। এখনো তাঁর হদিস নেই। এতে পৌরসভার কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ১২ মার্চ সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান সার্বিক অবস্থা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি লেখেন। এ পরিপ্রেক্ষিতে গত ২২ জুন আকতারুল ইসলামকে পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল জানানো হয়েছে। একই সঙ্গে কলারোয়া পৌরসভার প্যানেল মেয়রকে (রফিকুল ইসলাম) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।