কলারোয়ায় গাছ কাটা নিয়ে হামলায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে হামলায় ইনামুল হক (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন তাঁর বড় ভাই একরামুল হক (৩০)। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রায়টা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ওই দুই ভাই একই গ্রামের ইউনুস আলীর ছেলে।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একরামুল হক বলেন, তাঁর ছোট ভাই ইনামুল হক তাঁদের দখলে থাকা একটি শিশুগাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় তাঁর চাচাতো ভাই বাবলু গাছটি তাঁদের দাবি করে প্রতিবেশী অজিয়ার রহমান ও আবদুল হামিদকে নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা ইনামুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ছোট ভাইকে বাঁচাতে তিনি এগিয়ে গেলে তাঁকেও বেধড়ক পেটানো হয়। এতে তাঁরা দুই ভাই মারাত্মক আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছোট ভাই ইনামুল মারা যান। কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।