কলারোয়ায় সোনালী ব্যাংকে দুই নৈশপ্রহরী খুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখা সোনালী ব্যাংকে দুই নৈশপ্রহরী খুন হয়েছেন। আজ বুধবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের প্রধান ফটক খোলা পাওয়া গেছে। ব্যাংক থেকে কোনো অর্থ খোয়া যায়নি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম ও ব্যাংকের ব্যবস্থাপক মনোতোষ কুমার সরকার এই তথ্য জানিয়েছেন।
নিহত দুই নৈশপ্রহরীর নাম জাহাঙ্গীর হোসেন (৩৫) ও আসাদুজ্জামান (৩২)। প্রথমজনের বাড়ি কলারোয়া উপজেলায়, দ্বিতীয়জনের সদর উপজেলায়। তাঁরা আনসারের সদস্য ছিলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে এক গ্রাহক ব্যাংকে গেলে ঘটনাটি প্রথম নজরে আসে। পরে জানাজানি হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তারা ব্যাংকের প্রধান ফটক খোলা পায়। ব্যাংকের ভেতরে মেঝেতে এক নৈশপ্রহরীর লাশ পড়ে ছিল। অন্যজনের লাশ পড়েছিল ভবনের ছাদে ওঠার সিঁড়িতে। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। তাঁদের দুজনের গলাসহ শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ব্যাংকের মেঝে ও সিঁড়ি ছিল রক্তে ভরা। ব্যাংকের ভেতর ছিল কিছুটা এলোমেলো। ব্যাংকের শৌচাগার থেকে হাতুড়ি, ছেনি, লোহা কাটার করাত উদ্ধার করা হয়েছে।
কলারোয়া থানার ওসি ও ব্যাংক শাখার ব্যবস্থাপকের ভাষ্য, দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কোনো টাকা-পয়সা খোয়া যায়নি।
ব্যবস্থাপক বলেন, আনসারের ওই দুই সদস্য ব্যাংকের নৈশপ্রহরী হিসেবে কাজ করছিলেন। তাঁরা ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। তাঁদের অস্ত্র ছিল ব্যাংকের ভল্টে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে না। ব্যাংকে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এ ঘটনায় মামলা হবে।
খবর পেয়ে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।