কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম, অভিযোগের তির ছাত্রলীগ নেতার দিকে
রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান ওরফে অনিকের বিরুদ্ধে একই কলেজের এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনার পর ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে আজ শনিবার মজিবুর ও অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন।
ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে তিনি কলেজের বিপরীত পাশে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুজনকে সঙ্গে নিয়ে মুজিবুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়। পরে তিনি এক বন্ধুর সহায়তায় ঢাকা মেডিকেলে যান।
ওই ছাত্রী সাংবাদিকদের আরও বলেন, উত্ত্যক্তকরণের অভিযোগে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর তিনি কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মামলা করেন। ওই ছাত্ররা জামিন নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর ওপর চাপ দিতে থাকেন। তাঁদের সঙ্গে যোগ দেন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মজিবুর। হুমকি ধমকির কারণে গত ১ ডিসেম্বর মজিবুরসহ চারজনের বিরুদ্ধে তিনি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব বিষয়কে কেন্দ্র করেই তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই ওহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানতে চাইলে মজিবুর রহমান হামলার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি পক্ষ ওই ছাত্রীকে ব্যবহার করছে।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। কমিটি করে ঘটনার তদন্ত করা হবে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’