কলেজ ফটকে তালা দিল অকৃতকার্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল শনিবার নোয়াখালী শহরের সোনাপুর ডিগ্রি কলেজের মূল ফটকে তালা দিয়েছে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা।

কলেজ সূত্র জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষায় ফরম পুরণের সুযোগ দেওয়ার দাবিতে নির্বাচনী পরীক্ষায় দুই বা তার চেয়ে বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে মিছিলকারীরা উপাধ্যক্ষের কক্ষ ও কলেজের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও কলেজ ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন।

কলেজ সূত্র জানায়, কলেজ পরিচালনা পর্ষদের পরামর্শ অনুযায়ী প্রায় ৬৫০ জনকে এবার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। দুই কিংবা তার চেয়ে বেশি বিষয়ে ফেল করা প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। তারা গতকাল বিক্ষোভ মিছিল ও ফটকে তালা দেয়।

কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ণ দে প্রথম আলোকে বলেন, নতুন করে ফরম পূরণের কোনো সুযোগ নেই।