কলেজ বন্ধ করে দেওয়ার চেষ্টা
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে অবস্থিত একটি কারিগরি কলেজ বন্ধ করার চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কলেজের জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান করার জন্য এ তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী সূত্রের বিবরণ অনুযায়ী, গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ে ২০০৪ সালে খালেক আমিন ফাউন্ডেশনের উদ্যোগে গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে এর কার্যক্রম শুরু করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল ইসলামের একটি আধা পাকা বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাঁর বাড়ির অদূরে কলেজের নামে জমি কিনে দেখানো হয় কারিগরি শিক্ষা বোর্ডে। পাঠদানের অনুমোদন দেওয়ার সময় বোর্ড কলেজের নামে কেনা জমিতে একটি বহুতল ভবন নির্মাণের শর্ত দেয়। বর্তমানে কলেজের জন্য কেনা জমির দাম কয়েক গুণ বেড়ে গেছে। তাই আমিনুল ইসলাম কলেজ বন্ধ করে সেই জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান করার চেষ্টা করছেন।
১০-১৫ জন এলাকাবাসী বলেন, গত রোববার সন্ধ্যায় কয়েক ব্যক্তি কলেজটির সাইনবোর্ড সরিয়ে ফেলেন। এরপর সেখানে কলেজের কার্যক্রম বন্ধের ঘোষণাসংবলিত ব্যানার টানিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে আমিনুল ইসলামের ভাই এমদাদুল হক কলেজ বন্ধ হবে না বলে আশ্বাস দেন। বুধবার আবারও কলেজের সামনে ভর্তি কার্যক্রম বন্ধের নোটিশ টাঙানো হয়।
শিক্ষক ও কর্মচারীরা বলেন, কলেজ এমপিওভুক্ত হয়নি। কলেজের নিজস্ব আয় থেকে তাঁরা সম্মানী পান। প্রতিষ্ঠাকালে নিয়োগ পেতে তাঁরা কলেজ উন্নয়নের জন্য টাকা দিয়েছিলেন। এ অবস্থায় কলেজটি বন্ধ হয়ে গেলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে বেকায়দায় পড়বেন। এ ছাড়া কলেজ থেকে এ বছর ৯৫ জন শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (সমমান) পরীক্ষায় অংশ নিয়েছে। এরই মধ্যে এ বছর প্রথম বর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলে, এভাবে কলেজটি বন্ধ হয়ে গেলে তাদের শিক্ষাজীবন মারাত্মক হুমকিতে পড়বে।
অধ্যক্ষ মাজেদুল ইসলাম বলেন, ‘কলেজটি বন্ধ করে দেওয়ার চেষ্টা মোটেও কাম্য নয়। আমি কলেজটি বন্ধ না করার অনুরোধ জানিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করেছি।’
আমিনুল ইসলাম বলেন, ‘আমার জানামতে, এখনো ভর্তি কার্যক্রম চলছে। তবে যৌক্তিক কারণে কলেজটি বন্ধ করে দেওয়া হবে বলে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’
ইউএনও সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, ‘আমি সভাপতি ও শিক্ষকদের পক্ষ থেকে পৃথক লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে আমার করণীয় নিয়ে ভাবছি।’