কলেজ মাঠে মেলা, পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লোহাগাড়া কলেজ মাঠে বিজয় মেলা বসানোর কারণে নতুন বছরের পাঠদান এখনো শুরু করা যায়নি।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, কলেজ চত্বরের এই মেলায় প্রায় শ খানেক দোকান বসেছে। খাটানো হয়েছে নানা রঙের প্যান্ডেল। আছে সার্কাস ও যাত্রাগানের প্যান্ডেল। চত্বরে অনেক মানুষের ভিড়।
কলেজ প্রাঙ্গণে মেলা হওয়ায় পড়ালেখায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন অন্তত ২০ জন শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির একজন ছাত্রী বলে, ‘আমরা ক্লাস করতে চাই, স্যাররাও পড়াতে চাচ্ছেন। কিন্তু কলেজের বারান্দা পর্যন্ত মেলার দোকান বসানো হয়েছে। মাইকের আওয়াজ আর চারদিকে প্রসাব-পায়খানার দুর্গন্ধে ১০ মিনিটও শ্রেণিকক্ষে থাকা যায় না।’
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি কলেজ ও মাদ্রাসার ২০১৫ সালের একাডেমিক কার্যক্রমের সময়সূচি অনুযায়ী জানুয়ারি মাসে কলেজে পাঠদান চলার কথা। কিন্তু বিজয় মেলার কারণে এখানে পাঠদান শুরু করা যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক মেলার মেয়াদ ১৬ দিন বাড়ানোর অনুমতি দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কলেজে প্রায় তিন শ শিক্ষার্থী লেখাপড়া করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় মেলা আয়োজক কমিটির সভাপতি মো. শহীদ হোসেন খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কমিটির সম্পাদক শহিরউদ্দিন খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তাঁরা ৫ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের কাছে মেলা করার অনুমতি চান। আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য লোহাগাড়া কলেজ মাঠে বিজয় মেলা, যাত্রাপালা ও সার্কাস অনুষ্ঠানের অনুমতি দেন জেলা প্রশাসন। সে অনুযায়ী ৩১ ডিসেম্বর ওই মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেলা আয়োজক কমিটি গত ২৮ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনজুর আলমের কাছে মেলার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫টি শর্তে এর মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।
কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম বলেন, ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের পাঠদান বন্ধ থাকলেও সে সময় দাপ্তরিক কাজ হয়েছে। ১ জানুয়ারি থেকে পাঠদান শুরুর বিধান থাকলেও এখন সেই পরিবেশ নেই। তবে কলেজ খোলা আছে। বিজয় মেলা ও যাত্রাপালা অনুষ্ঠান কমিটির সভাপতি বলেন, ১৬ জানুয়ারি পর্যন্ত অনুমতি নেওয়া আছে। মেলা ওই দিনই বন্ধ হয়ে যাবে।