কলেজছাত্র ও তরুণীকে হত্যা, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলার পদ্মার চর থেকে গতকাল রোববার সকালে জালাল উদ্দিন নামের এক কলেজছাত্রের ও সিংড়া উপজেলার বাঁশের সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কলেজছাত্রের লাশ বালুচাপা দেওয়া ছিল। শ্বাসরোধে হত্যার পর তরুণীর মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এদিকে নওগাঁর ধামইরহাট উপজেলায় তামান্না খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ গতকাল রোববার উদ্ধার করেছে পুলিশ। তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন গতকাল সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার পদ্মার চরের একটি আখখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। লাশটি মাথা থেকে বুক পর্যন্ত বালুচাপা দেওয়া ছিল। পরিবারের লোকজন গিয়ে লাশটি কলেজছাত্র জালালের (২৫) বলে শনাক্ত করেন। জালাল উত্তর লালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পাবনার একটি কলেজে স্নাতকে (পাস) পড়াশোনা করতেন। পাশাপাশি গৃহশিক্ষকতাও করতেন। লালপুর বাজারে তাঁর একটি পানের দোকান রয়েছে। কারা, কেন তাঁকে হত্যা করেছে—এ বিষয়ে পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, জালালকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। দুর্বৃত্তরা পরে লাশটি গুম করার চেষ্টা চালায়।
এদিকে সিংড়া উপজেলার বাঁশের সেতু এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশের কৃষিজমি থেকে অজ্ঞাতনামা ওই তরুণীর (২০) লাশ উদ্ধার করে পুলিশ। সিংড়া থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা খড়কুটো দিয়ে লাশটি পোড়ানোর চেষ্টা করে। তরুণীর মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে। তরুণীর পরনে গোলাপি সালোয়ার ও কামিজ ছিল।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, তরুণীকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর ঘাতকেরা লাশটি ওই জমিতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের আরমান হোসেনের (২৫) সঙ্গে প্রায় এক বছর আগে জয়পুরহাটের সদর উপজেলার বাসকাটা গ্রামের তামান্নার (২১) বিয়ে হয়। এরপর থেকে আরমান যৌতুকের দাবিতে তামান্নাকে নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে একাধিকবার সালিস হয়। তামান্নার দিনমজুর বাবা যৌতুকের পুরো টাকা দিতে পারেননি। এর জেরে গত শনিবার রাতে তামান্নার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশে একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে তামান্নার ভাই নুর মোহাম্মদ বলেন, আরমান এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু তাঁদের গরিব বাবার পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আরমানকে দফায় দফায় ৫০ হাজার টাকা দেওয়া হয়। আরমান বাকি টাকা দেওয়ার জন্য তাঁর বোনের ওপর কয়েক দিন ধরে চাপ সৃষ্টি করে আসছিলেন। তামান্না মুঠোফোনে এ কথা বাবা-ভাইকে বলেছিলেন।
তবে আরমান হোসেনের বাবা আশরাফ উদ্দিন বলেন, ‘আমার ছেলের সঙ্গে তামান্নার সম্পর্ক ভালো ছিল। যৌতুকের দাবির কথা ভিত্তিহীন। সকালে তামান্না তার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর প্রায় এক ঘণ্টা পর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি তামান্না বাড়ির পাশে আমগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।’
ধামইরহাট থানার ওসি একরামুল হক সরকার বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আরমান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।