কলেজছাত্র, কিশোরী ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সদর উপজেলায় নদী থেকে গতকাল রোববার আজহারুল ইসলাম নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
কলেজছাত্র আজহারুল ইসলাম (২০) জামালপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের ফারুক আহম্মেদের ছেলে। হবিগঞ্জের নবীগঞ্জে উদ্ধার হওয়া লাশটি উপজেলার রাজেন্দ্র সরকারের মেয়ে অঞ্জনা সরকার (১৬) ও মির্জাপুর থেকে উদ্ধার হওয়া লাশটি বরিশালের হিজলা উপজেলার পাবুগঞ্জের নুরনবী নুরুর (৩৭)।
পুলিশের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজহারুল ইসলাম গত শনিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বন্ধু নিশাদ ও কনকের সঙ্গে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলে শহরের বানারপাড় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আজহারুলের বন্ধু নিশাদ ও কনককে আটক করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, আজহারুলের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের রাজেন্দ্র সরকারের মেয়ে অঞ্জনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেব ও তাঁর স্ত্রী একই হাসপাতালের কর্মচারী শিউলী দেবের কোয়ার্টারে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। গত শনিবার সকালে ওই বাসা থেকে নবীগঞ্জ থানার পুলিশ অঞ্জনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজেন্দ্র সরকার অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ তা নিচ্ছে না। নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর থানার পুলিশ গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রশিদ দেওহাটা এলাকা থেকে নুরনবী নুরুর (৩৭) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঢাকার খিলক্ষেতে তাঁর নার্সারি ব্যবসা ছিল। দুই দিন আগে একটি জমির দলিল করতে তিনি বগুড়ায় যান। সেখান থেকে গত শনিবার তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার রাত ১১টার দিকে তাঁর ভাই নুরুল ইসলামের সঙ্গে শেষ কথা হয়। মির্জাপুর থানার এসআই ফখরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।