কলেজছাত্র খুন, অভিযুক্তদের বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে কলেজছাত্র বিপুল হাওলাদারকে (২৬) ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত লোকজনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

শহরের সজ্জনকান্দা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে বিপুল। রাজবাড়ী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। সংসারের আয়ের জন্য ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন তিনি।

নিহত বিপুলের বোন ছাবিনা আক্তারের ভাষ্য, ‘বাড়ির সীমানাপ্রাচীর দেওয়াকে কেন্দ্র করে গত রোববার প্রতিবেশী মজিদের সঙ্গে বিপুল ও পরিবারের অন্য সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের মেরে ফেলার হুমকি দেন। গতকাল রাতে তসলিম, মিঠুন, রনিসহ ১৪-১৫ জন শহরের ‘হরিতলা’ মন্দির এলাকায় বিপুলের কাছ থেকে টাকা কেড়ে নেয়। রাতে পৌনে ১০টার দিকে বাসায় এসে বিপুল বিষয়টি বাবাকে জানান। এরপর অভিযোগ জানাতে থানার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। বাড়ির সামনের রাস্তায় পৌঁছামাত্রই টাকা কেড়ে নেওয়া ব্যক্তিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। পরে বিপুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।’

রাজবাড়ীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেনের ভাষ্য, আজ সকালে মিঠুনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা পলাতক। তবে মজিদ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দুজনের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে।