কলেজছাত্র খুন: তিনজনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মুহতাসিন বিল্লাহ (১৭) খুনের ঘটনায় পুলিশ গতকাল সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা তিনজনই শহরের বেসরকারি রয়েল মিডিয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ মঙ্গলবার কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ এসব তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খুনের ঘটনায় জড়িত অভিযোগে আসাদুজ্জামান পিয়াস (১৯), জামিল হাসেন ওরফে পিয়াস ও সিফাত ইয়াছিন ওরফে তুবাকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে গতকাল সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনজনের মধ্যে মামলার এজাহারে আসাদুজ্জামান ও জামিলের নাম আছে। আর অজ্ঞাতনামা ১১ জনের মধ্যে একজন হচ্ছেন সিফাত। তাঁরা তিনজনই হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া তিন শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে যে গত বৃহস্পতিবার মুহতাসিন বিল্লাহ তাঁর বন্ধু-বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। ওই সময় তাঁরা মুহতাসিনের বান্ধবীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই দিন সন্ধ্যায় শহরের টাউন হল মোড় এলাকায় মুহতাসিনকে হত্যা করা হয়।

ছেলে হত্যার ঘটনায় গত শনিবার বাবা এমদাদুল হক বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ মোট ১৪ জনকে আসামি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।