কলেজছাত্রকে অচেতন উদ্ধার, হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল সোমবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করার পর মো. সোহাগ (২০) নামের এক কলেজছাত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন তিনি।
জানা গেছে, সোহাগের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি কুমিল্লার শহীদ নজরুল ইসলাম সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন লোক অচেতন অবস্থায় সোহাগকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে যান সোহাগের বড় ভাই নাহিদ হাসান। বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহাগ।
নাহিদ হাসান সাংবাদিকদের জানান, তিনি উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় থাকেন। কুমিল্লা থেকে ঢাকায় বেড়াতে এসেছিলেন সোহাগ। গতকাল সকাল ১০টার দিকে সোহাগ যাত্রাবাড়ীর গোলাপবাগে নামেন। এরপর সোহাগ তাঁকে ফোন করে বলেন, ‘আমি কী যেন খাইছি। আমার খারাপ লাগতেছে।’ এরপর আর কোনো কথা বলতে পারেননি সোহাগ।
নাহিদ হাসান বলেন, পরে গোলাপবাগের স্থানীয় লোকজন সোহাগকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।