কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
নাটোরের সিংড়া উপজেলার বড়গ্রামে আবদুল কাহার ওরফে আতিকুর রহমান (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল কাহার বড়গ্রামের আবদুর রশিদের একমাত্র ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে চলনবিলের মাঠ থেকে নিহত আতিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিংড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আতিকুর রহমানকে বুধবার রাতে কে বা কারা মুঠোফোনে বাড়ির বাইরে ডাকেন। ফোন পেয়ে তিনি বাড়ির বাইরে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে লোকজন গ্রামের পাশে চলনবিলের মধ্যে তাঁর লাশ দেখতে পান।
আতিকুর রহমান চলতি বছর সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি উচ্চতর শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। দুই সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়ি ফিরে আসেন। তাঁরই নেতৃত্বে স্থানীয় দুর্দম ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার উদ্বোধনের কথা ছিল।