কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গত সোমবার রাতে আবুল কাশেম (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। নিহত আবুল কাশেম বগুড়া প্যারামেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং নন্দকুল গ্রামের ঠান্ডু তালুকদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে প্রাইভেট পড়িয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। পথে উপজেলার নন্দকুল এলাকার হাসান জুট মিলের পাশে দুর্বৃত্তরা তাঁকে রামদা কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান। খবর পেয়ে পুলিশ আবুল কাশেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নন্দকুল গ্রামের মকবুল হোসেন (৫০), সাখাওয়াত হোসেন (৪৫), মানিক রতন (২৮) ও লিটন মিয়াকে (২২) আটক করে।
স্থানীয় আশেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, আবুল কাশেমের স্বজনেরা তাঁকে জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সঙ্গে তাঁদের আদালতে মামলা চলছে। এর জের ধরে কাশেমকে প্রতিপক্ষরা খুন করতে পারে।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।