কলেজছাত্রকে গলা কেটে হত্যা
রাজধানীর হাতিরঝিলে গতকাল বুধবার রাতে রিফাত হোসেন নামের এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। রিফাত ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাবা-মায়ের সঙ্গে পূর্ব রায়েরবাজারে থাকত সে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।
লিটন ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী যুবক প্রথম আলোকে বলেন, তাঁর বাসা তেজগাঁও শিল্পাঞ্চলে নাবিস্কো কারখানার পাশে। গতকাল বিকেলে তিনি হাতিরঝিলে বেড়াতে যান। রাত সাড়ে আটটার দিকে একদল পথচারী হাতিরঝিল ২ নম্বর সেতুর দিকে দৌড়াতে থাকে। এ সময় তিনিও তাঁদের সঙ্গে ছোটেন। পরে অন্যদের সঙ্গে তিনিও ঝিলের পানিতে ঝাঁপ দিয়ে রক্তাক্ত অবস্থায় রিফাতকে ওপরে তুলে আনেন। তবে রিফাততে তিনি চিনতেন না।
লিটন আরও বলেন, উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে রক্তাক্ত রিফাতকে তিনি মহাখালীর মেট্রোপলিটন সেন্টারে নিয়ে যান। সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রিফাত (১৭) মারা যায়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ব্যাগে পাওয়া কলেজের পরিচয়পত্র দেখে রিফাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে তার ব্যাগে পাওয়া খামের ওপর লেখা একটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে তার স্বজনেরা হাসপাতালে আসেন। এ ছাড়া তাকে হাসপাতালে নিয়ে আসা যুবক লিটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।