কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর উত্তরায় গত বুধবার রিয়াজুল হাসান ওরফে অনিক (১৯) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন।
রিয়াজুল মা-বাবার সঙ্গে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৪ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে রিয়াজুল ছিলেন বড়। তাঁর বাবা জসিমউদ্দিন সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা।
রিয়াজুলের মামা শাহদাত হোসেন প্রথম আলোকে জানান, বুধবার দুপুরে রিয়াজুল কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরপর দুটি কোচিং করে রাত সাড়ে সাতটার দিকে তিনি বন্ধু শান ও শানের আরেক বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে শানের কাছে ২০০ টাকা চান তাঁর আরেক বন্ধু। কিন্তু শান টাকা দিতে রাজি হননি। এ সময় রিয়াজুল শানের বন্ধুকে বলেন, টাকা চাইলেই কি দিতে হবে? এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শানের বন্ধু চলে যান। কিছুক্ষণ পর আরও কয়েকজন নিয়ে ফিরে এসে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৫ নম্বর সড়কে রিয়াজুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
পুলিশ জানায়, রিয়াজুলকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মহাখালীর আয়েশা মেমোরিয়ালে নেওয়া হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন বলেন, বুধবার গভীর রাতে রিয়াজুলের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।