কুষ্টিয়ায় বাগ্বিতণ্ডার জেরে সারতাজ আজিজ রাতুল নামের এক কলেজছাত্রকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা চুপ করে দাঁড়িয়ে থাকেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর গাড়ির চালকের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল সারতাজকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গাড়িতে আজগর আলী ছিলেন।
সারতাজ (২৬) ঢাকা তিতুমীর কলেজের ছাত্র। বাড়ি কুষ্টিয়া শহরে। তিনি কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আত্মীয়। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাইনুল ইসলাম পরে প্রথম আলোকে বলেন, সারতাজের মাথায় ও পিঠে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। মাথার সিটিস্ক্যান করতে বলা হয়েছে।
সারতাজ সাংবাদিকদের বলেন, তাঁর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাসা থেকে বেরিয়েছিলেন। ট্রাফিক কার্যালয়ের সামনে একটি ব্যক্তিগত গাড়ি তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিতে যায়। তিনি কোনো রকমে বাঁ পাশে সরে গিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। পরে ওই গাড়ির চালককে তিনি বকা দেন। এ সময় ওই চালক ও গাড়ি থেকে আরও চার-পাঁচজনের প্রত্যেকে হকিস্টিক নিয়ে নেমে এসে তাঁকে বেধড়ক পেটাতে থাকে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
সারতাজের বন্ধু কায়সার আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতা আজগর আলী গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকেন। তিনি কোনো কথা বলেননি। তাঁর গাড়িচালক ও লোকজনকে মারধর বন্ধ করতেও বলেননি। এ সময় ট্রাফিক কর্মকর্তারা একটু দূরে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি।
সারতাজের বাবা সাঈদ আহমেদ বলেন, ‘আমার ছেলেকে পেটাতে পেটাতে দুটি হকিস্টিক ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় আজগর আলীকে ১ নম্বর আসামি করে মামলা করব।’
নাম প্রকাশ না করার শর্তে মজমপুর ট্রাফিক কার্যালয়ের একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পুরো ভিডিওচিত্র সেখানকার সিসি ক্যামেরায় ধারণ করা আছে।
আওয়ামী লীগ নেতা আজগর আলী বলেন, ‘ওই ছেলেটি রং সাইডে আসছিল। আমাদের গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লাগছিল। এরপরও সে আমার গাড়ির চালককে গালিগালাজ করে। এতে উত্তেজিত হয়ে চালক মারধর করেছে। তবে সিরিয়াস কিছু না।’
গতকাল বিকেলে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দীন বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি।