কলেজছাত্রকে হত্যা

রংপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল এলাকার ধানখেত থেকে গতকাল রোববার ইসমাইল হোসেন রায়হান (১৯) নামের এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইসমাইল একই ওয়ার্ডে অবস্থিত আনন্দলোক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ওমর গ্রামের হোমিও চিকিৎসক আবু হেনা মোস্তফার ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় ছিলেন।
একটি সমবায় সমিতির টাকার লেনদেনের ঘটনা নিয়ে ইসমাইলকে হত্যা করা হতে পারে বলে তাঁর বন্ধু, পরিবার ও পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। তিনি রংপুর শহরের কুকরুল এলাকার মনি কনজুমার সমবায় সমিতির মাঠপর্যায়ে টাকা সংগ্রহ করতেন। তবে এ বিষয়ে মনি কনজুমার সমবায় সমিতির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইসমাইলের বাবা আবু হেনা মোস্তফা বলেন, গত শনিবার রাত আটটার দিকে তাঁর ছেলেকে মুঠোফোনে কল করে কে বা কারা ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় ইসমাইল বলেছিলেন, পাশের ময়নাকুঠি বাজারে যাচ্ছেন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ইসমাইলদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত করে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ইসমাইলের গলায় জখমের চিহ্ন রয়েছে। হাত-পা ছিল বাঁধা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে তাঁকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আবু হেনা মোস্তফা বলেন, তাঁর ছেলে পড়াশোনার পাশাপাশি রংপুর শহরের কুকরুল এলাকার মনি কনজুমার সমবায় সমিতিতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। প্রাইভেটও পড়াতেন।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত তরুণের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।