কলেজছাত্রসহ তিন জনের লাশ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট সদর উপজেলায় এক তরুণ ও মৌলভীবাজারের জুড়ীতে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রামের রকিব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও জুড়ী উপজেলার মধ্য বাছিরপুর গ্রামের আবদুস সামাদ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে হেলাল উদ্দিনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। হেলাল উদ্দিন সাহ্রি খেয়ে তাঁর কক্ষে ঘুমাতে গিয়েছিলেন। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। হেলাল বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গতকাল বেলা দুইটার দিকে সিলেট সদর উপজেলার মওজুদিপাড়া কুশিঘাট এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট মহানগরের শাহ পরান থানার ওসি আখতার হোসেন বলেন, ‘যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে কুইয়াছড়ি নদী থেকে ট্রাকচালক আবদুস সামাদের লাশ উদ্ধার করা হয়। সামাদের বাড়ি পাশের মধ্য বাছিরপুর গ্রামে। সামাদের স্ত্রী রেহেনা বেগম ও ছেলে মামুনুর রহমান বলেন, গ্রামের কারও সঙ্গে সামাদের পূর্ববিরোধ ছিল না। তবে কিছুদিন আগে আমতৈল এলাকায় কিছু লোকের সঙ্গে সামাদের ঝগড়া হয়। এর জের ধরে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে লাশ ফেলে দিতে পারে। জুড়ী থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির শরীরে পচন ধরে যাওয়ায় সুরতহাল প্রতিবেদন তৈরির সময় কোথাও কোনো আঘাত আছে কি না, সেটা বোঝা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিলেট, মৌলভীবাজার ও জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি}