কলেজছাত্রী অ্যাসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক (সম্মান) বাংলা বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী নার্গিস আক্তারকে (২০) তাঁর সাবেক স্বামী অ্যাসিড নিক্ষেপ করেছেন। এ ঘটনায় তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, নার্গিসের মুখমণ্ডলের ১৫ ভাগ অ্যাসিড-জাতীয় পদার্থ দিয়ে পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস আক্তার অভিযোগ করেন, দুই বছর আগে তাঁর সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের মাছুদ রহমানের বিয়ে হয়। বিয়ের পর ঘরসংসার করাকালে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নার্গিস আক্তার এক বছর আগে মাসুদকে তালাক দেন। নার্গিস আক্তার গত মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট শহরের সদর থানা এলাকায় প্রাইভেট পড়াতে যাচ্ছিলেন। এ সময় মাসুদ রহমান তাঁকে প্রলুব্ধ করে একটি অটোরিকশায় তুলে নিয়ে সদর উপজেলার পাকার মাথায় নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে আবারও সংসার করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় মাসুদ তাঁর মুখমণ্ডলে অ্যাসিড ঢেলে পালিয়ে যান। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নার্গিস আক্তারের বাড়ি জয়পুরহাট পৌরসভার বুলুপাড়া গ্রামে।
এ ব্যাপারে জানতে মাসুদ রহমানের সঙ্গে চার-পাঁচবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ ঘটনায় নার্গিস আক্তারের বড় ভাই নাদিম হোসেন মঙ্গলবার রাতেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মাসুদ রহমানসহ দুজনকে আসামি করে মামলা করেন।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, মামলা হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।