হবিগঞ্জের চুনারুঘাটে আছমা আক্তার (২৫) নামে এক কলেজশিক্ষার্থীকে তাঁর স্বামী হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সাতছড়ি জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।
আছমা জেলার চুনারুঘাট সদরের পাকুরিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। তিনি হবিগঞ্জ আইন কলেজের এলএলবির শিক্ষার্থী ও সিলেট এমসি কলেজের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুদিন ধরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। গতকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।
আছমার পরিবারের অভিযোগ, আছমাকে তাঁর স্বামী রমজান আলী গত শনিবার কৌশলে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনার পর থেকে রমজান পলাতক।
আছমার পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় বছর আগে আছমা পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার হাতুন্ডা গ্রামের নিম্বর আলীর ছেলে রমজানকে। রমজান পেশায় রাজমিস্ত্রি। বিয়ের পর থেকে আছমার সঙ্গে পড়াশোনা নিয়ে রমজানের প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার দুপুরে আছমাকে রমজান প্রাকৃতিক
দৃশ্য দেখানোর কথা বলে ওই উদ্যানে নিয়ে যান। পরে সেখানে রমজান তাঁর সহযোগীদের নিয়ে আছমাকে হত্যার চেষ্টা করেন। আছমার চিৎকারে বনরক্ষীরা এগিয়ে আসেন। এ সময় রমজানসহ অপর দুজন দ্রুত পালিয়ে যান। তখন আছমার নাক, কানসহ শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল।
পরে বন কর্মকর্তারা আছমার কাছ থেকে ঠিকানা নিয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে আত্মীয়স্বজন ও বন কর্মচারীরা আছমাকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ হাসপাতালের চিকিৎসকেরা আছমার অবস্থা বেগতিক দেখে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আছমার বড় ভাই সাইফুল ইসলাম বলেন, রমজান তাঁর বোনকে হত্যার জন্য পরিকল্পিতভাবে সাতছড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে আছমার স্বামী রমজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল বিকেল তিনটার দিকে জানান, এ ঘটনায়
এখনো কোনো অভিযোগ করা হয়নি। অপরাধীকে আটকের চেষ্টা চলছে।