কলেজছাত্রী, গৃহবধূ ও রাজমিস্ত্রির লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত বুধবার এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। একই দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ি থেকে এক রাজমিিস্ত্রর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কুলাউড়ার পূর্ব টাট্রিউলি গ্রামের তাহির আলীর মেয়ে কলেজছাত্রী আনোয়ারা বেগম (১৭), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মোস্তাকিম মিয়ার স্ত্রী রিতা আক্তার (২২) ও কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি মো. জালাল মিয়া (৪৫)।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়ায় মারা যাওয়া আনোয়ারা বেগম (১৭) স্থানীয় লংলা আধুনিক ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারার মা ছয়-সাত বছর আগে মারা গেছেন। বাড়িতে তার বাবা ও ছোট ভাই থাকেন। গত বুধবার সকালের দিকে বাবা ও ভাই আশুরার অনুষ্ঠান দেখতে পাশের নওয়াববাড়িতে যান। বেলা দুইটার দিকে বাড়ি ফিরে এসে তাঁরা দরজা-জানালা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে আনোয়ারার লাশ ঝুলতে দেখতে পান। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, সুরতহাল করার সময় আনোয়ারার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রেমিকের সঙ্গে মুঠোফোনে ঝগড়ার জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া: গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার একটি ফ্ল্যাট বাড়ি থেকে রিতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মোস্তাকিম মিয়া পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রিতা কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আলী জাহের মিয়ার মেয়ে। পাঁচ মাস আগে মোস্তাকিম মিয়ার সঙ্গে রিতার বিয়ে হয়। বিয়ের পর মোস্তাকিম ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার একটি ফ্ল্যাটে রিতাকে নিয়ে থাকতেন। রিতার বাবা জাহের মিয়া অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই রিতাকে নির্যাতন করতেন মোস্তাকিম। তাঁকে বিভিন্ন সময়ে অনেক টাকাও দেওয়া হয়েছে। তাঁর দাবি, মোস্তাকিমই তাঁর মেয়েকে হত্যা করে গা-ঢাকা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের মো. জালাল মিয়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রাত ১২টায় নিজের ঘরের পেছনে তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন। তাঁদের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই আল মামুন বলেন, এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।