কলেজছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ সোমবার এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় আজ বিকেলে ওই কলেজছাত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় গ্রামবাসীর হাতে আটক হওয়া মো. ইউছুফ (২৪) ও মো. সেলিমকে (৩০) আসামি করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে, রোববার ভোরে ওই ছাত্রী ফেনীতে তাঁর খালার বাসায় যান। আজ ভোরে সাহরি খেয়ে তিনি পুনরায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে চারটার দিকে তিনি কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে নামেন। সেখান থেকে তিনি ইউছুফের ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠেন। রিকশাটি কিছু দূর যাওয়ার পর দিক পরিবর্তন করে উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে রিকশাচালক মো. ইউছুফ ও মো. সেলিম নামের আরেক ব্যক্তি ওই ছাত্রীকে একটি আখ খেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ইউছুফ ও সেলিমকে আটক করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, কলেজছাত্রী বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে গ্রামবাসী আটক করে থানায় সোপর্দ করেছেন। ওই ছাত্রী দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন।