কলেজছাত্রী ধর্ষণের শিকার
চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাবপুর গ্রামের এক কলেজছাত্রীকে (১৭) গতকাল বৃহস্পতিবার তার দুলাভাই ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গতকাল দুপুরে ওই ছাত্রীর দুলাভাই নিহাল আহমেদকে (২৮) সাচার ফাঁড়ি থানার পুলিশ আটক করে। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ধর্ষণের শিকার একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, ডাক্তারি পরীক্ষায় ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ওই শিক্ষার্থী জানায়, গত বুধবার সকালে সে কলেজে যাচ্ছিল। তার বোনের অসুস্থতার কথা বলে নিহাল তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার বোন বাসায় নেই। একপর্যায়ে নিহাল তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় নিহাল তাকে মারধর করে আহত করার পর ধর্ষণ করেন। দুপুরে ওই বাড়ি থেকে অসুস্থ অবস্থায় পালিয়ে নিজ বাড়ি চলে আসে ওই শিক্ষার্থী। পরে তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
সাচার পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা চৌধুরী জানান, নিহাল মাদক গ্রহণ ও বিক্রি করতেন। গতকালও ইয়াবা খেয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কচুয়া থানায় আগেও দুটি মামলা রয়েছে।