কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, মাইক্রোবাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের সময় স্থানীয় লোকজন ধাওয়া করে অপহরণকারীদের ধরে ফেলেন। মেয়েটিকে উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। সেই সঙ্গে গাড়িটির চালকসহ তিন অপহরণকারীকে পিটুনি দিয়ে পুলিশে দেন তাঁরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে একটি মাইক্রোবাস উপজেলার বেতগাড়ি জিরো পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিল। সকাল আটটার দিকে ধনতলা রিয়াজউদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী কোচিংয়ের উদ্দেশ্যে ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিতে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বের হয়ে জোর করে ধরে মেয়েটিকে গাড়িতে তোলে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এসে মাইক্রোবাসটিকে ধাওয়া করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনাটি প্রথমে ওই সময় রাস্তা দিয়ে যাওয়া স্থানীয় কয়েক যুবক দেখে ফেলেন। মেয়েটিকে তুলেই মাইক্রোবাসটি চলতে শুরু করে। ওই যুবকেরাও গাড়িটির পেছনে ছুটতে থাকেন। পরে একটি ট্রাক মুখোমুখি পড়ে যাওয়ায় মাইক্রোবাসটি থামাতে বাধ্য হয় অপহরণকারীরা। তখন পেছনে ধাওয়া করা যুবকদের সঙ্গে এলাকাবাসী জড়ো হয়ে গাড়িটি ঘিরে ফেলেন। গাড়ি থেকে তিনজনকে বের করে পিটুনি দেন ক্ষুব্ধ লোকজন। সেই সঙ্গে গাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে মেয়েটিকে তাদের হেফাজতে নেয়। এ সময় লোকজন তিন অপহরণকারীকে পুলিশে সোপর্দ করেন।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো রংপুর নগরের হনুমানতলার ময়না (৪০), নগরের রাধাবল্লভ এলাকার মামুন (২৫) ও গাড়িচালক রাধাবল্লভ এলাকার রাশেদুল (২৭)।
গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের ভাষ্য, অপহরণের উদ্দেশ্যেই মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল তারা। তবে অপহরণের পেছনে মূল উদ্দেশ্য জানতে তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বাইরেও অন্য কোনো মহল অপহরণে যুক্ত থাকতে পারে বলে পুলিশের ধারণা।
অপহরণের শিকার হওয়া মেয়েটির বাড়ি উপজেলার বেতগাড়ি ইউনিয়নে। তার মা সাংবাদিকদের বলেন, ‘মেয়ে প্রতিদিনের মতো কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে সকালে একাই বাড়ি থেকে বের হয়। ঘণ্টা খানেক পরে এলাকাবাসীর কাছ থেকে এমন ভয়ংকর কথা শুনে শিউরে উঠি।’ এর বেশি কিছু তিনি আর বলতে চাননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান বলেন, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনসহ পাঁচজনকে আসামি করে মেয়েটির মা একটি অপহরণ মামলা করেছেন। তদন্তের স্বার্থে পুলিশ কর্মকর্তা বাকি দুজনের নাম জানাতে অস্বীকৃতি জানান। তিনি আরও বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে মেয়েটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।