কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ওই ছাত্রীকে দোষারোপ করে প্রচারণা চালানো হচ্ছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে যুবলীগের স্থানীয় এক নেতার সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
গতকাল উপজেলার রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে মেয়েটি বলে, তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলায়। স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তিনি। ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকার ফারুক মিয়া (২৫) নামের এক তরুণের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার বিকেলে ফারুক তাঁদের গ্রামে যায়। ওই দিনই তাঁকে বিয়ে করার কথা বলে ফারুক মোটরসাইকেলে করে তাঁকে আঠারবাড়ি এলাকার একটি বাড়িতে এনে তোলে। কিছুক্ষণ পর আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছোট ভাই জসীম উদ্দিনকে (৩৮) ওই বাড়িতে নিয়ে আসেন ফারুক। এরপর ফারুকের জীবন থেকে সরে দাঁড়ানোর জন্য জসীম তাঁকে চাপ দেওয়ার পাশাপাশি মারধর করেন। পরে ওই দুজন তাঁকে জসীমের পরিচিত এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে দুদিন আটকে রেখে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর তাঁকে রেললাইনের পাশে ফেলে আসেন তাঁরা।
আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবের আলম বলেন, তিনি প্রাতর্ভ্রমণের সময় মেয়েটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে পুলিশ তদন্তকেন্দ্রে পৌঁছে দেন। ওই কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে তাঁর কাছে অভিযোগ করেছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা ইসলাম বলেন, মেয়েটির শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এ বিষয়ে আঠারবাড়ি গিয়ে খোঁজ করে ফারুক ও জসীমকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফারুক দাবি করেন, মেয়েটির চরিত্র ভালো নয়। তিনি তাঁকে নির্যাতন করেননি। পরে জসীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলার জন্য মেয়েটির মাকে চাপ দেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, জসীমের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজছাত্রীকে নির্যাতনের বিষয়ে মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।