কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেছে ছাত্রীটির মা। গতকাল বুধবার বিকেলে মেয়েটি ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহনাজ সিদ্দিকীর আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ধর্ষণের বিষয়টি প্রকাশ না করতে মেয়েটিকে হুমকি ও প্রলোভন দেওয়ার সময় পুলিশের হাতে আটক হওয়া মো. জসীম উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন আঠারবাড়ি কলেজ মোড় এলাকার ফারুক ও হানিফ।
মেয়েটি জানায়, তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলায়। প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার ফারুক তাঁকে বাড়ি থেকে নিয়ে আসেন। পরে তাঁকে একটি বাড়িতে তিন দিন আটক রাখে ফারুক ও জসীম।
আর হানিফ নামে এক যুবক তাঁকে রেললাইনের পাশে ফেলে আসে।
ওসি বলেন, ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই ছাত্রীকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রসঙ্গত ‘কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বুধবার প্রথম আলোতে ছাপা হয়।