কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোহাম্মদ নয়ন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী আজ সকালে সোয়া আটটার দিকে ওয়াসা মোড় এলাকার বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। এ সময় নয়ন ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে মেয়েটি চিৎকার দেয়। তখন নয়ন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন নয়নকে ধরে ওই কলেজে নিয়ে যান। পরে সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ নয়নকে খুলশী থানার পুলিশের কাছে সোপর্দ করে।

নয়নের বাড়ি কক্সবাজারে চকরিয়ার শাহারবিলের মাইজঘোনা এলাকায়। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মোমিনবাগ আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী এস এম মহসিন প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁ থেকে নাশতা করে বের হওয়ার সময় দেখি, একটি ছেলে দৌড়াচ্ছে। পরে তাড়া করে তাকে ধরে ফেলি। সে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পালিয়ে যাচ্ছিল। মেয়েটি ওই সময় কান্নাকাটি করছিল।’

কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, পথচারীরা ওই বখাটেকে আটক করে কলেজে নিয়ে আসেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে যখন নবম শ্রেণিতে পড়ত, তখনো নয়ন তাকে উত্ত্যক্ত করেছিলেন। কিন্তু ওই সময় নয়নকে আটক করা সম্ভব হয়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হবে।