কলেজছাত্রীকে গলা কেটে হত্যার পর যুবকের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে গতকাল শনিবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্রীর নাম লিজা আক্তার। সে মশিউর রহমান ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ত। আর রবিউল ইসলাম (৩০) নীলফামারী শহরের কাজীরহাট এলাকায় অবস্থিত উত্তরা ইপিজেডের একটি চায়না কোম্পানিতে মাইক্রোবাসের চালক হিসেবে চাকরি করতেন। তাঁর বাবার নাম জোয়ায়েদ আলী। বাড়ি জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের নগরবন্দ কিত্তনিয়াপাড়া গ্রামে। রবিউল স্ত্রী ও এক মেয়েকে নিয়ে উত্তরা ইপিজেডের কোয়ার্টারে থাকতেন। তিনি লিজাকে উত্ত্যক্ত করতেন বলে জানিয়েছেন লিজার ভাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী লিজার বান্ধবী সবিতা রানী রায় বলে, ‘সকাল নয়টার দিকে পাঁচমাথা এলাকায় প্রাইভেট পড়া শেষ করে আমরা তিন বান্ধবী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। আমাদের তিনজনের মধ্যে শম্পা অধিকারী কিছুটা সামনে ছিল। আমি ও লিজা পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ পেছন দিক থেকে রিকশায় এসে লিজার গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে রবিউল ইসলাম।’ তিনি বলেন, এ সময় লিজা কিছু দূর দৌড়ে রাস্তার পাশে পড়ে যায়। তখন রবিউল নিজের গলায় ওই ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।
একটু সামনে থাকলেও ঘটনা বুঝতে পেরে থেমে যায় শম্পা অধিকারী। সে বলে, ‘তখন রাস্তার আশপাশে কোনো লোকজন ছিল না। আমার চিৎকারে লোকজন ছুটে আসে।’
লিজা আক্তার পৌরসভা এলাকার পূর্ব কুখাপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে তাঁর মুদির দোকান আছে। ওই বাড়িতে গিয়ে এই প্রতিবেদক লিজার বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু মেয়েকে হারিয়ে কাঁদতে কাঁদতে পাগলপ্রায় বাবা-মায়ের সঙ্গে কথা বলার তেমন সুযোগ পাওয়া যায়নি।
লিজার চাচাতো ভাই মো. জাকির হোসেন বলেন, অন্যান্য দিনের মতো সকাল সাতটার দিকে লিজা আক্তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাঁচমাথা এলাকায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে সে হত্যার শিকার হয়। তিনি বলেন, ওই মাইক্রোচালক প্রায় সময় লিজাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে লিজার পরিবারের পক্ষ থেকে রবিউলকে শাসানোও হয়েছিল।
রবিউল ইসলামের ভাই সহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। লোকমুখে শুনে সেখানে যাই।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা বলেন, ময়নাতদন্ত করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিজা আক্তারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে। তদন্ত চলছে।