কলেজছাত্রীকে ধর্ষণ: খোঁজখবর শুরু করেছে পুলিশ
ঢাকায় বেড়াতে নিয়ে এসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে। আজ রোববার পুলিশ কর্মকর্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওই কলেজছাত্রী ও তাঁর স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেছেন।
সদ্যপরিচিত সুমন নামের এক যুবক ওই কলেজছাত্রীকে ঢাকায় বেড়াতে আসার কথা বলেন। গত শুক্রবার সকালে কলেজছাত্রী মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসেন। এরপর সুমন তাঁকে নিউমার্কেট থানার গাওছিয়া মার্কেট এলাকায় এক বাসায় নিয়ে ধর্ষণ করেন বলে কলেজছাত্রীর বরাত দিয়ে জানান তাঁর স্বজনেরা। আজ রোববার পত্রিকায় এ-সংক্রান্ত প্রতিবেদন আসার পর পুলিশ তৎপর হয়।
কলেজছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, আজ সকালে নিউমার্কেট থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা হাসপাতালে গিয়ে তাঁর ও তাঁর মেয়ের সঙ্গে কথাবার্তা বলেছেন। তাঁরা মেয়ের বক্তব্য লিখে নিয়েছেন। দ্রুত ওই যুবককে ধরা হবে বলেও পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, মেয়েটির প্রাথমিক বক্তব্য নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির তদন্ত কর্মকর্তা এসআই আনসারুল হক। মেয়েটির সঙ্গে আরও কথা বলে ঘটনাস্থল শনাক্তের চেষ্টা করা হবে। এরপর এ ব্যাপারে মামলা হবে।
যোগাযোগ করা হলে এসআই আনসারুল বলেন, আমরা তদন্ত শুরু করেছি। ওই যুবককে ধরার চেষ্টা চলছে। মামলারও প্রক্রিয়া চলছে।