কলেজছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল রাত আটটার দিকে কলেজের স্নাতকের এক ছাত্রীকে তিন বখাটে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের বাগানে তাঁকে ধর্ষণ করা হয়। সেই দৃশ্য মুঠোফোনে ধারণও করা হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে বখাটেরা ভিডিওচিত্রটি মুঠোফোনে ছড়িয়ে দেয়। ২৭ এপ্রিল মেয়েটির মা বখাটে সুজন ব্যাপারী (২০), শামিম ব্যাপারী (২৫) ও সুমন ব্যাপারীকে (৩৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গত বৃহস্পতিবার সুজন ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ছাত্রীর মা বলেন, ‘ওরা (বখাটেরা) আমার মেয়েটার সর্বনাশ করে দিয়েছে। মামলা করার পর থেকে অভিযুক্তরাসহ তাদের পক্ষের লোকজন বিভিন্নভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন বাড়িতে থাকতে ভয় পাচ্ছি। লজ্জায় আমার মেয়ে কলেজে যাওয়া বন্ধ করে ঢাকায় চলে গেছে।’
ওই ছাত্রী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো মেয়ের জীবনে এমন ঘটনা ঘটলে সে কীভাবে বেঁচে থাকবে। ওরা আমার জীবন ধ্বংস করে দিয়েছে।’
যোগাযোগ করলে অভিযুক্তদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।