রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল মঙ্গলবার একজন কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন কলেজছাত্র।
মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্যমতে, গত জুলাই মাসে মোট ৩৬৮ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি। গণধর্ষণের শিকার হন ১৫ জন।
রাতে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। পূর্বপরিচিত এক তরুণের সঙ্গে মেয়েটি যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি বাসায় বেড়াতে যান। ওই বাসায় তরুণটির পরিচিত এক নারী ভাড়া থাকেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ডিসি নূরুল ইসলাম আরও বলেন, ওই বাসায় কলেজছাত্রীসহ তরুণটি যাওয়ার কয়েক মিনিটের মধ্যে কয়েকজন যুবক সেখানে যান। তাঁরা ওই তরুণকে একটি কক্ষে জিম্মি করে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন। এরপর আরেকটি কক্ষে তাঁরা কলেজছাত্রীকে ধর্ষণ করেন।
ডিসি বলেন, ঘটনার সময় ওই তরুণীর চিৎকার-চেঁচামেচি শুনে টহলরত পুলিশ ওই বাসায় যায়। বাসা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। দু-তিনজন পালিয়ে যান। পরে এলাকায় অভিযান চালিয়ে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন ফয়সাল, রবিন, বাবু ও শাহাদত। কলেজছাত্রীর সঙ্গে থাকা তরুণ এবং ওই বাসার নারীর সঙ্গে কথা বলে এ ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে ডিসি জানিয়েছেন।
এ ছাড়া গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে রাজধানীর উত্তরায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। বৃহস্পতি ও শনিবার আরও দুটি শিশু ধর্ষণের শিকার হয়। এর আগে ২১ মে রাতে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণের শিকার হন এক গারো তরুণী। তাঁকে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।