কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার মেয়েটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে।
মেয়েটি মামলার এজাহারে উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে ওই যুবক তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। মাঝেমধ্যেই বিয়ের প্রলোভন দেখাতেন। শনিবার রাতে তিনি তাঁদের বাড়িতে এসে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, রাতে ওই যুবক মেয়েটির ঘরে ঢুকলে স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে তাঁরা মেয়ের বাবাকে ঘটনাটি জানান। বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। রোববার বিকেলে মেয়েটি থানায় এসে ধর্ষণের মামলা করলে রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
মেয়েটি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ছেলেটি প্রায়ই তাঁকে ধর্ষণ করতেন। বিভিন্ন ভয় দেখাতেন। ফলে তিনি কাউকে কিছু বলতে পারতেন না।
মেয়েটির বাবা বলেন, তাঁরা ওই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুর রাজ্জাক বলেন, তাঁরা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।