কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর নাম রুহুল আমিন (২৫)। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামে। ধর্ষণের অভিযোগে ওই ছাত্রী রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগঞ্জ থানায় গত শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পীরগঞ্জ বাজারের এক ওষুধের দোকানের মালিক রুহুল আমিনের সঙ্গে স্থানীয় একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বেলা দুইটার দিকে রুহুল আমিন মুঠোফোনে ওই ছাত্রীকে পীরগঞ্জ কলেজ বাজারের কাছে একটি বাড়িতে আসতে বলেন। ওই বাড়িতে গেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে তিনি ধর্ষণ করেন। ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় রুহুল আমিন পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া সোহরাওয়ার্দী জানান, গতকাল সকালে রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
আদালতে পাঠিয়ে দেওয়ায় ব্যবসায়ী রুহুল আমিনের সঙ্গে ধর্ষণের অভিযোগের বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।