কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার আট দিন পর গত মঙ্গলবার রাতে ওই ছাত্রী চরফ্যাশন থানায় মামলা করেন।
মামলায় মো. রাজিম নামের এক তরুণের নাম উল্লেখ করে চারজনকে আসামি করা হয়েছে। রাজিমের বাড়ি উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে।
ওই ঘটনার পর ১১ এপ্রিল রাতে আবদুল মালেক বাদী হয়ে কলেজছাত্রীর বাবা, ভাইসহ ১০ জনকে আসামি করে হত্যার চেষ্টার পাল্টা অভিযোগে চরফ্যাশন থানায় মামলা করেন।
কলেজছাত্রীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে তিনি বাড়ির বাইরে যান। তখন রাজিম ও তাঁর বন্ধুরা পাশের বাগানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। তাঁদের মুখোশ পরা ছিল। ধর্ষকদের কাছ থেকে একটি ছুরি হাতে পান তিনি। বাঁচার জন্য এলোপাতাড়ি ছুরি চালান। তখন রাজিমকে চিনতে পারেন তিনি। রাজিমের শরীরে ছুরির আঘাত লাগে। পরিচয় জেনে ফেলায় ধর্ষকেরা তাঁকে পিটিয়ে জখম করেন এবং গলায় রশি বেঁধে গাছের সঙ্গে ঝোলান। ওই সময় গ্রামবাসী তাঁকে উদ্ধার করে। চিকিৎসাধীন কলেজছাত্রী গতকাল বুধবার বলেন, ঘটনার পরপরই চরফ্যাশন থানায় মামলা করতে গেলে ধর্ষকের বন্ধুরা তাঁর বাবা ও ভাইকে পিটিয়ে জখম করেছিলেন। ১২ এপ্রিল কয়েক শ লোক বাড়িতে এসে তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়। মিথ্যা মামলা দিয়ে তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে।
রাজিমের বাবার এজাহারে বলা হয়েছে, কলেজছাত্রীর আত্মীয়স্বজন রাজিমকে তাঁদের বাড়িতে ডেকে নেন। পরে চেয়ারের সঙ্গে বেঁধে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলা ও পরে ঢাকায় নিয়ে যায়। তিনি এখনো চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বরিশাল বিভাগীয় প্রধান আইনজীবী মুনিরা বেগম বলেন, তারা মেয়েটিকে আইনি সহায়তা ও আশ্রয় দেবেন।