কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা, ইটভাটার মালিক খুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত রোববার রাতে কুলসুম বেগম (১৯) নামের এক কলেজছাত্রীকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। একই রাতে মেহেরপুরের গাংনী উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইটভাটার মালিক আবুল খায়ের (৩৮) নিহত হয়েছেন।
নিহত কলেজছাত্রী কুলসুম বেগমের বাবার বাড়ি কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পশ্চিম চালিতাবুনিয়া গ্রামে। কুলসুম তাঁর বাবার বাড়িতে থাকতেন। তিনি এ বছর ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তাঁর স্বামী কেফায়েত উল্লাহ মুন্সীর বাড়ি একই গ্রামে। তিনি প্রথম স্ত্রী ও দুই ছেলে নিয়ে থাকতেন।
কুলসুমের বাবা নুর মোহাম্মদ গাজী বলেন, ‘তিন বছর আগে প্রলোভন দেখিয়ে কুলসুমকে গোপনে বিয়ে করে কেফায়েত উল্লাহ। কুলসুমকে সে তার বাড়িতে নিয়ে যায়নি। রোববার রাতে কেফায়েত উল্লাহ তার বাড়িতে কুলসুমকে যেতে বলে। রাত নয়টার দিকে আমি ও কুলসুম কেফায়েতের বাড়ির উঠানে পৌঁছাই। এ সময় কেফায়েত ও তার ছেলেরা কুলসুমকে পেটাতে থাকে। বাধা দিলে আমাকেও মারধর করে তারা। লাঠির আঘাতে কুলসুম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে গ্রামের কয়েকজন দৌড়ে আসে। ঘটনাস্থলে কুলসুম মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, নিহতের বাবা বাদী হয়ে কেফায়েত উল্লাহ, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে আসামি করে মামলা করেছেন। আসামিরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত আবুল খায়েরের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়ায়। একই এলাকায় ভাই ভাই নামে একটি ইটভাটার মালিক ছিলেন আবুল খায়ের। এ ছাড়া তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ইনসারুল হকের ছোট ভাই। হত্যার ঘটনায় নিহতের আরেক ভাই আবদুল মালেক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার–পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে গাংনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবুল খায়ের। রাত সাড়ে আটটার দিকে গাংনী থানা থেকে দেড় কিলোমিটার দূরে ওলিপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। তারা আবুল খায়েরের মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
ইনসারুল হক বলেন, চার–পাঁচ দিন আগে আবুল খায়ের জানিয়েছিলেন এলাকার কয়েকজন সন্ত্রাসী তাঁর কাছে ইটভাটার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। বিষয়টি তিনি থানা-পুলিশকে মৌখিকভাবে জানিয়েছিলেন। এর আগেও গত বছর চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আবুল খায়েরকে মারধর করেছিল। ওই ঘটনায় তাঁর আরেক ভাই এনামুল হক বাদী হয়ে মামলা করেছিলেন। ওই মামলার আসামিরা কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।