কলেজছাত্রীকে মারধরের অভিযোগ, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় এক কলেজছাত্রীকে জনসমক্ষে লাঠিপেটা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিগ্রি (পাস) কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র মো. রুবেল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের শেখ রাসেল স্কয়ার-সংলগ্ন নিউমার্কেট সড়কে এই ঘটনা ঘটে।
রুবেল হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের মৃত আইউব আলীর ছেলে।
এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে রুবেল হোসেনসহ দুজনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই ছাত্রীর বাবা ও পাথরঘাটা ডিগ্রি কলেজের কর্মচারী আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে মেয়েকে প্রেম প্রস্তাবের নামে উত্ত্যক্ত করে আসছেন রুবেল হোসেন। ঘটনার দিন রুবেলের দেওয়া মুঠোফোন ফেরত দিয়ে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে ওর (রুবেল) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়েকে লাঠিপেটা ও চড়থাপ্পড় মারতে থাকেন রুবেল হোসেন। এ সময় প্রত্যক্ষদর্শী আশপাশের কেউ ভয়ে প্রতিবাদ করেনি।
অভিযোগ প্রসঙ্গে রুবেল হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।