কলেজছাত্রীকে হত্যা, লাশ বাঁশঝাড়ে
সিরাজগঞ্জ সদর উপজেলায় সাথি খাতুন (২১) নামের এক কলেজছাত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশঝাড়ে পাওয়া যায় তাঁর লাশ। পুলিশের ধারণা, প্রেমঘটিত বা শত্রুতাজনিত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
গত রোববার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সাথি এ গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও শিয়ালকোলের আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সাথির মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
সাথির পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর সাথিকে তাঁর বাবা বাড়িতে রেখে স্ত্রী ও বড় মেয়ে সীমা বেগমকে নিয়ে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়র বাড়িতে যান। রাত ১২টার দিকে বাড়িতে ফিরে তাঁরা সাথিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে তাঁর লাশ দেখতে পান। পুলিশ গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সাথির একজন নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত তিনি সাথি ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন। পরে নিজের বাড়িতে চলে আসার পর সাথিকে রেখে তাঁর বাবা-মা-বোন বাইরে যান। সাথির এক চাচাতো বোন রাত ১২টার দিকে তাঁদের বলেন, বাড়িতে সাথি নেই।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রেমঘটিত কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘হত্যারহস্য উদ্ঘাটনে পুলিশের দুটি দল তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত এর রহস্য উদ্ঘাটনসহ আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’