কলেজছাত্রীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় আটক ১
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে এক কলেজছাত্রীকে (১৮) তুলে নিয়ে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তের একজন মনির হোসেনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে লালবাগ থেকে মনিরকে আটক করার কথা নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
প্রথম আলোকে ওই ছাত্রীর দেওয়া ভাষ্য, ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও মনির হোসেন নামের দুজন তাঁকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরে চেতনা ফিরলে দেখতে পান, একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তিনি। ভবনে তাঁরা ছাড়া অন্য কেউ ছিলেন না। ভবনটি কোন এলাকায়, তা তিনি চিনতে পারেননি।
ওই ছাত্রী অভিযোগ করেন, চেতনা ফিরলে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য তিনি মনির ও আল আমিনের কাছে কাকুতি–মিনতি করেন। কিন্তু তাঁরা কর্ণপাত করেননি। উল্টো তাঁরা ধর্ষণ করতে চান। এতে বাধা দিলে তাঁকে তাঁরা মারধর ও ধর্ষণ করেন। এভাবে পাঁচ দিন আটকে রেখে তাঁকে প্রতিদিন তাঁরা দুজন পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গতকাল বুধবার বিকেলে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেখে পালিয়ে যান ওই দুজন। সেখান থেকে এক নারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মনির ও আল আমিন তাঁর পূর্বপরিচিত বলে জানান ছাত্রীটি। তিনি বলেছেন, কিছুদিন ধরে মনির তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করা শুরু করেন মনির।
এদিকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক। তিনি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করা হবে।’