কলেজছাত্রীর ওপর প্রকাশ্যে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে এক কলেজছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রীর নাম ঝুমা বেগম (১৮)। তিনি ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ বাজারে বাহারউদ্দিন (২২) নামে এক যুবক অতর্কিত ঝুমার ওপর হামলা চালান। এ সময় একটি ছুরি দিয়ে ঝুমার দুই হাত ও পেটের একাংশে আঘাত করেন। ঝুমাকে রক্ষা করতে তাঁর মা মাহমুদা বেগম এগিয়ে গেলে বাহার তাঁকেও মারধর করে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুমাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত আটটায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুক হোসেন জানান, দুই হাতে ও পেটে ছুরিকাঘাত রয়েছে। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে রাখা হয়েছে।

মানিকপুরের সাবেক ইউপি সদস্য আবদুল জলিল বলেন, ঝুমা বেগম রসুলপুর গ্রামের মুসলিম আলীর মেয়ে। প্রায় তিন মাস আগে হামলাকারী বাহারের সঙ্গে আদালতে গিয়ে বিয়ে হয়েছিল বলে বাহার দাবি করেছেন। ঘটনার পর থেকে বাহার পালিয়ে যাওয়ায় এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

তবে ঝুমার মা মাহমুদা বেগম বলেন, দুই বছর ধরে বাহার তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দাখিল হয়নি।