কলেজছাত্রীর ওপর বখাটের হামলা
পুরান ঢাকার লালবাগে গতকাল বুধবার বিকেলে বখাটের হামলায় এক কলেজছাত্রী আহত হয়েছেন। ওই ছাত্রী আজিমপুর সাফির আলী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রী সাংবাদিকদের বলে, ইমান আলী নামের এক যুবক তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতেও ক্ষান্ত হয়নি যুবকটি। চলার পথেও তাকে উত্ত্যক্ত করে। তার অত্যাচার থেকে বাঁচতে পরিবার লালবাগ ছেড়ে কামরাঙ্গীরচর এলাকায় বাসা ভাড়া নেয়। এরই মধ্যে গতকাল বিকেলে কলেজ থেকে ফেরার পথে লালবাগের গৌড় শহীদ মাজারের কাছে ইমন তাকে মারধর করে ও মুঠোফোন কেড়ে নেয়। হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই কলেজছাত্রী বাসায় ফিরে গেছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের কাছ থেকে তিনি এমন একটি ঘটনার কথা শুনেছেন। তবে পুলিশের কাছে কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি।