কলেজছাত্রীর ওপর ব্যাটারির পানি নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে এক কলেজছাত্রীর (১৭) ওপর ব্যাটারির পানি নিক্ষেপ করেছেন এক তরুণ। গত বুধবার দিবাগত রাতের ওই ঘটনার পর ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। পুলিশ বালিয়াকান্দির চৌধুরীপাড়ার নিরুপম কুমার বিশ্বাসকে (১৮) গ্রেপ্তার করেছে।
আহত কলেজছাত্রী ও এজাহার সূত্রে জানা যায়, অনেক দিন ধরে নিরুপম কুমার বিশ্বাস বিদ্যালয় ও কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত বুধবার রাত ১২টার দিকে ঘরের বাইরে বের হলে দরজার পাশে দাঁড়িয়ে থাকা নিরুপম তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। বাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
তবে নিরুপম ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চার-পাঁচ বছর ধরে নিরুপমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরিদপুরের একটি কলেজে ভর্তি হয়। কিন্তু নিরুপম গণিতে অকৃতকার্য হওয়ায় তাঁদের মোটরসাইকেলের গ্যারেজে বাবাকে সহায়তা করেন। এদিকে ওই ছাত্রী কলেজে ভর্তি হওয়ার পর থেকে নিরুপমকে এড়িয়ে যেতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিরুপম ওই ছাত্রীর বাড়ির পাশে দেখা করেন। এ সময় ছাত্রী তাদের মধ্যকার সম্পর্ক চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করে। নিরুপম এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা মোটরসাইকেলের ব্যাটারির পানি বের করে মেয়েটির শরীরে ছুড়ে মারেন। রাত দুইটা ২৫ মিনিটে মেয়েটিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ছুড়ে মারা তরল অ্যাসিড নয়, মোটরসাইকেলের পোড়া ব্যাটারির পানি। এতে মেয়েটির বুক ও পেটের কিছু অংশে লাগায় জ্বালাপোড়া হয়েছে। এতে আশঙ্কার কিছু নেই। কয়েক দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত বলেন, আহত কলেজছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। গতকাল দুপুরে নিরুপমকে গ্রেপ্তার করা হয়েছে।