কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে তানিয়া খাতুন (১৬) নামের এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার হাজিনগর গ্রামে নিজ শোবার ঘর থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
তানিয়া হাজিনগর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। সে উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়ার বাবা মোখলেছুর রহমান চাকরিসূত্রে রাজশাহীতে থাকেন। গতকাল বাসায় তানিয়া ও তার মা নুরেফা বেগম ছিলেন। সন্ধ্যা ছয়টায় তার মা সদর দরজায় তালা লাগিয়ে বাড়ির বাইরে যান। এ সময় তানিয়া একাই ঘরে ছিল।
সন্ধ্যা সাতটার দিকে নুরেফা বেগম বাড়িতে ফিরে দেখেন, বাড়ির সদর দরজা ভেতর থেকে লাগানো। এ সময় তানিয়াকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি এলাকার লোকজনকে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে তানিয়ার গলাকাটা লাশ দেখতে পান।
নুরেফা বেগম গতকাল বলেন, ‘আমি পাশের এক দোকান থেকে কাপড় এনে ঘরে দরজির কাজ করি। প্রতিদিনের মতো আজও (গতকাল) আমি কাপড় আনার জন্য পাশের দোকানে যাই। যাওয়ার আগে বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে যাই। ফিরে এসে দরজার বাইরের তালা খুলেও ভেতরে ঢুকতে পারছিলাম না। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দেয়ালের ওপর দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা খুলে ঘরের মধ্যে মেয়েকে গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি।’
এ বিষয়ে নিয়ামতপুর থানার পরিদর্শক রেজাউল ইসলাম গতকাল রাতে বলেন, ‘কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তানিয়াকে ঘাড়ের পেছন দিকে আঘাত করে ফেলে রেখে গেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’