দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত শুক্রবার ইয়াসিন আলী (২০) নামের বখাটে যুবক এক কলেজছাত্রীর (১৭) গাল কেটে দিয়েছে। ওই ছাত্রী ইয়াসিনের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই কলেজছাত্রীর বড় ভাই (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র) জানান, তাঁর বোন এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছে। তাঁর বোন ওই দিন সন্ধ্যায় কোচিং শেষে বাড়ি ফেরার পথে বেলাইচন্ডী কলেজ রোডে ইয়াসিনের হামলার শিকার হয়। ইয়াসিন ছুরি দিয়ে তাঁর ডান গাল কেটে দেয়। এ সময় তাঁর বোনের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ইয়াসিন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সফিউল আলম জানান, ওই কলেজছাত্রীর গালে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল আলম জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দেব জানান, ইয়াসিন উপজেলার বেলাইচন্ডী বুড়িরহাট বন্দরের বাসিন্দা। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।