কলেজছাত্রীর পর্নো ছবি তোলার অভিযোগ
নাটোরের নলডাঙ্গা উপজেলার এক কলেজছাত্রীর পর্নো ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে মীর হাম (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মীর হাম নাটোর সদর উপজেলার পাইকড়দৌল গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, আসামি আগে থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। পরিকল্পিতভাবে সে ওই ছবি তোলে। সে পুলিশের কাছে এ কথা স্বীকারও করেছে।
নলডাঙ্গা থানা সূত্র জানায়, মীর হাম গত ৫ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলায় তার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। ওই সময় সে মুঠোফোনে তার আত্মীয়ের পাশের বাড়ির গোসলখানায় গোসল করার সময় এক কলেজছাত্রীর কাপড় বদলানোর ছবি তোলে। ঘটনাটি কিছুদিন গোপন রাখার পর গত বুধবার মীর হাম ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় ওই ছবির কথা ফাঁস করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনাটি জানার পর বুধবার রাতেই ওই ছাত্রী বাদী হয়ে মীর হামের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পুলিশ ওই মামলায় গতকাল ভোরে মীর হামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।