কলেজছাত্রীর বাবাকে জিম্মি করে নিকাহনামায় স্বাক্ষর, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মারধর ও জিম্মি করে কলেজছাত্রীর বাবাকে নিকাহ রেজিস্টার ও সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নিকাহ রেজিস্টার ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, উদ্ধার হওয়া নিকাহ রেজিস্টারে শুধু হানিফ মাহমুদের স্বাক্ষর পাওয়া গেছে। অন্য সব ঘর ফাঁকা রয়েছে। একজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়েছে। ঈদের পর শুনানি হবে।

থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রাঙ্গাবালী উপজেলার যুগীরহাওলা গ্রামের হানিফ মাহমুদ আমিনের (জমিজমা মাপা) কাজ করেন। তাঁর মেয়ে এ বছর পটুয়াখালী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। একই গ্রামের নাসির চৌকিদারের ছেলে রাজীন চৌকিদার (২৬) তাঁকে উত্ত্যক্ত করতেন। তাঁর প্রেমের প্রস্তাবে রাজি হননি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজীন। গত সোমবার সকালে রাজীনের সহযোগী হাবুয়াখালী গ্রামের জসীম প্যাদার (৩৫) জমি মাপার কথা বলে হানিফ মাহমুদকে গলাচিপা শহরের কেন্দ্রীয় মসজিদের পাশে আরেক সহযোগী মাজাহারুল ইসলামের (২৯) বাসায় নিয়ে যান। সেখানে আরও দুই সহযোগী মিনহাজ হোসেন (২৯) ও মো. মোহাব্বত (৩৭) ছিলেন। তাঁরা হানিফ মাহমুদকে ঘরে আটকে রেখে মারধর করে ১০০ টাকা মূল্যের ছয়টি সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেন। পরে তাঁরা কেন্দ্রীয় মসজিদের কাজি মো. মোজাহিদুল ইসলামকে (৩০) ডেকে আনেন। ভয়ভীতি দেখিয়ে হানিফ মাহমুদকে নিকাহ রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেন। পুরো ঘটনাটি তাঁরা মুঠোফোনে ভিডিও করে রাখেন। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে হানিফ মাহমুদকে বাড়ি পাঠিয়ে দেন তাঁরা।

মঙ্গলবার হানিফ মাহমুদ গলাচিপা থানায় রাজীন চৌকিদার, কাজী মো. মোজাহিদুল ইসলামসহ ছয়জনকে আসামি একটি মামলা করেন। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাজাহারুল ইসলাম, মিনহাজ হোসেন ও মোজাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ নিকাহ রেজিস্টার ও স্বাক্ষর দেওয়া ছয়টি সাদা স্ট্যাম্প উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার আসামি মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।