কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের একটি বাগান থেকে তপতী বল (১৮) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাড়ির পাশের বিকাশ বলের বাগানে মৃতদেহটি পাওয়া যায়।
তপতী বল ওই গ্রামের জগদীশ বলের মেয়ে। তিনি শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু নাঈম বলেন, গত শনিবার রাত ১০টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে তপতী ঘুমাতে যান। সকালে তাঁকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। বিকাশ বলের বাগানের পাশ দিয়ে গ্রামের কয়েকজন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় ওই বাগানে তপতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বেলা তিনটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।