কলেজছাত্রীর মা-বোনকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
বাগেরহাটে উত্ত্যক্ত করার অভিযোগ করা কলেজছাত্রীর মা ও বোনকে মারধরের ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। কলেজছাত্রীর মা বাদী হয়ে আটজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগের জের ধরে গত সোমবার সন্ধ্যায় তার স্কুলপড়ুয়া ছোট বোন ও মাকে মারধরের ঘটনা ঘটে বাগেরহাট সদরে। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল বুধবার সকালে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম ফেরদৌসী বেগম (৩৮)। ফেরদৌসীর স্বামী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে নুর ইসলাম মোল্লাও ওই মামলার আসামি।
মামলার অপর আসামিরা হলেন নুর ইসলামের ছেলে জোনা মোল্লা, একই গ্রামের আবু সাঈদ মোল্লা, তাঁর স্ত্রী শাহানারা বেগম ও তাঁদের ছেলে সুমন মোল্লা এবং আলীমুল ও তাঁর স্ত্রী পাচি বেগম।
এদিকে মামলা দায়ের হলেও পরিবারটি সামাজিক নিরাপত্তার অভাব বোধ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত বাড়িতে যায়নি তারা।
কলেজছাত্রী প্রথম আলোকে বলে, ‘সামনে আমার এইচএসসি পরীক্ষা। কিন্তু ওই ঘটনার পর থেকে ভয়ে বাড়ি যাইনি। আমার ছোট বোন এখনো অসুস্থ। তার পেটে, বুকে ও মাথায় খুব ব্যথা। মা আর বোন হাসপাতালে আছে। আর আমি মামার বাড়িতে থাকছি। পরীক্ষা সামনে তাও বাড়ি যেতে ভয় পাচ্ছি। স্থানীয় কিছু লোক বিষয়টি মীমাংসা করে ফেলতে বলছে। তারা আমার মামার অফিস ও বাড়িতেও গেছে। তারা মেয়েদের গায়ে হাত দিছে, এখন আবার মীমাংসার চেষ্টা করছে। এটা কি মীমাংসার বিষয়?’
মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল বলেন, ঘটনার পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। সকালে ওই মামলায় অভিযুক্ত এক আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে।
আহত স্কুলশিক্ষার্থী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।