কলেজছাত্রীর মৃত্যু: নালিশি মামলা তুলে নিতে মাকে হুমকি
রংপুর নগরের তাজহাট এলাকার কলেজছাত্রী আরিফা খাতুনের মৃত্যুর ঘটনায় আদালতে করা নালিশি মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তুলে ১৮ নভেম্বর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আরিফার মা ছাবিরন নেছা। জিডিতে বলা হয়, তাজহাট এলাকার মো. মিঠুসহ আরও কয়েকজন আদালত থেকে নালিশি মামলা তুলে নিতে ভয়ভীতিসহ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আরিফা গত বছর ২১ অক্টোবর বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ট্রেনে কাটা পড়া এক তরুণীর মরদেহ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ। পরে মেয়েটির পরনের কাপড় ও পুলিশের তোলা ছবি দেখে মা ছাবিরন নেছা মেয়েকে শনাক্ত করেন।
এ ঘটনার পর আরিফার মা ছাবিরন বিচার দাবি করে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় অভিযোগ করেন। এরপর সেই সংস্থার পক্ষ থেকে গত বছর ২৬ অক্টোবর কোতোয়ালির আমলি আদালতে একটি নালিশি আবেদন করা হয়।
সংস্থার আইনজীবী মুনীর চৌধুরী বলেন, এ আবেদনের বাদী কলেজছাত্রীর মা ছাবিরন নেছা। পরবর্তী সময়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আদালত নালিশি আবেদনটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। কিন্তু এই আইনজীবীর অভিযোগ, এ বিষয়টির তদন্তই হচ্ছে না।
আরিফার মা ছাবিরন বলেন, ‘আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আদালতে এসে হাজিরা দিচ্ছি। আদালতের অভিযোগটি তুলে নেওয়ার জন্য এলাকার একটি পক্ষ ভয়ভীতি দেখাচ্ছে। এ জন্য জিডি করেছি।’
তাজহাট এলাকার অভিযুক্ত যুবক মো. মিঠুর সঙ্গে কথা বলতে বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, জিডির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
রংপুর সিআইডি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার রফিউদ্দিন জোবায়ের গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। কাগজপত্র না দেখে কিছু বলা সম্ভব নয়।’