কলেজছাত্রীর লাশ উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশ গত শনিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রাম থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশটি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মো. শাহজাহান ব্যাপারীর মেয়ে ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার (১৮) শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরেন। পরিবারের কারও কাছে কিছু না বলে ঘরের নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। সন্ধ্যার দিকে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ডাকাডাকি করলে দরজা না খোলায় আগৈলঝাড়া থানায় খবর দেয়। সন্ধ্যায় আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। পরে গতকাল সকালে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠানো হয়।
ছাত্রীর বাবা শাহজাহান ব্যাপারী জানান, কলেজ থেকে বাড়ি ফেরার পথে কোনো বখাটের হাতে লাঞ্ছিত হওয়ার জের ধরে তাঁর মেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।